চাওয়া পাওয়া
চাওয়া পাওয়া
মুনমুন মুখার্জ্জী
আমি নির্মল আকাশকে ভালবেসে ছিলাম,
আকাশের মতো মন করবো ভেবেছিলাম,
সে মনে জমবে না মেঘ তাও ভেবেছিলাম,
আমি সবাইকে ভালবাসা দিতে চেয়েছিলাম।
কখন যে মনে মেঘ জমেছে খেয়াল করি নি,
কখন যে আকাশ ঝাপসা হল খেয়াল করি নি,
কখন যে ভালবাসা হারিয়ে গেল খেয়াল করি নি,
আমি আর নির্মল আকাশ হতেই পারি নি।
আমি মৃদুমন্দ বাতাসকে ভালবেসে ছিলাম,
সবাইকে মনপবনে দোলাবো ভেবেছিলাম,
সে দুলুনিতে আমার একটু জায়গা চেয়েছিলাম,
সবার মনের বিষ অমৃত করতে চেয়েছিলাম।
কিন্তু কখন যে বাতাস ঝড় হল খেয়াল করি নি,
কখন যে দোলন থেমে গেছে খেয়াল করি নি,
কখন যে বিষ বাতাসে মিশলো খেয়াল করি নি,
আমি আর মৃদুমন্দ বাতাস হতে পারি নি।
আমি ছোট্ট ঘাস ফুলকে ভালবেসে ছিলাম,
ছোট হয়ে আপনজনের মনে থাকতে চেয়েছিলাম,
মধুর সৌরভে তাদের সুরভিত করতে চেয়েছিলাম,
সবাই মিলে দুনিয়াকে রঙিন গড়ব চেয়েছিলাম।
কিন্তু কখন যে স্বপ্ন চাপা পড়ে গেল খেয়াল করিনি,
কখন যে ফুল দুর্গন্ধ ছড়ালো খেয়াল করি নি,
কখন যে আপনজন পর হল খেয়াল করি নি,
আমি আর ঘাস ফুলও হতে পারি নি।
সব হারিয়ে শেষে ফেবুকে ভালবাসলাম,
তার বুকে নিজেকে নতুন করে চিনলাম,
তার শিরায় শিরায় ভালবাসার রসদ পেলাম,
তার কাছে সম্পর্কের নতুন মানে জানলাম,
তার ঝুলিতে কত গুণীজনের স্বানিধ্য পেলাম,
তার হাত ধরে নিজেকেই পালটে নিলাম,
তার পাতায় আমার মনের কথা ছাপালাম,
অনেকের ভালবাসায় আমি সত্যিই ধন্য হলাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন