পরী বন্ধুর সাথে

পরী বন্ধুর সাথে
মুনমুন মুখার্জ্জী

ছোট্ট তৃষা আজ প্রথম নিজের কৌতুহল দমিয়ে রাখতে পারে নি, ওর খুব জানার ইচ্ছা ছাদ থেকে নিচেটা কেমন লাগে। মা বাবা দুজনেই চাকরি করেন, কারো সময় নেই ওকে নিয়ে ছাদে যাবার, ছুটির দিন ফাঁক পেলেই কোথাও ঘুরতে যায় সবাই মিলে, কিন্তু মনের ইচ্ছে পূরণ হয় না। ঠাকুমা বুড়ি হয়েছেন, তাঁকে বেশি বিরক্ত করতে বাবা বারণ করে দিয়েছেন। সারাদিন পড়া, গান, ছবি আঁকতে সময় চলে যায়। ভাত খেয়ে শুয়ে শুয়ে ঠাকুমার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায়। ঠাকুমা বলেছেন ছাদের বাইরে অনেকগুলো ভুতের বাচ্চা থাকে, কেউ ঝুঁকলেই টেনে নেয়।
কতরকমের ভুতের গল্প শুনেছে ঠাকুমার কাছে, তার মধ্যে যেমন ভালো ভুত আছে তেমনি শয়তান ভুতও আছে। তাদের গল্প শুনতে শুনতে গায়ে কাঁটা দেয়। ওর খুব জানার ইচ্ছা ওদের ছাদের পাশে কোন ভুতের বাসা। মাস্টার মশাই বলেছেন নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করতে নেই, তাই আজ নিজের চোখে দেখতেই হবে।

          আজ ঠাকুমার সাথে ঘুমাতে গিয়ে ঘুমের অভিনয় করে শুয়ে ছিল। তারপর যখন ঠাকুমা ঘুমিয়ে যান চুপিচুপি বিছানা ছেড়ে ছাদে ওঠে। ছাদের চারপাশে উঁচু প্রাচীর, ওর নাগালের বাইরে। তাই আজ ও একটা প্লাস্টিকের টুল নিয়ে এসেছিল। যেই উঠতে যাবে সামনে দেখে তার মতন একটা ছোট্ট মেয়ে, পিঠে আবার ডানা আছে, ঠিক ঠাকুমার গল্পের পরীদের মত দেখতে।

ও বন্ধু তুমি কি করছ?

পরীর কথা শুনে তৃষা অবাক!
তুমি আমাকে চেনো?

তুমিতো আমার বন্ধু তৃষা, রোজ দুপুরে তোমার সাথে খেলা করি তো;

আমি কোনোদিন তোমাকে দেখিই নি!

তুমি রোজ ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের দেশে বেড়াতে আসো, আজ এলেনা বলে দেখতে এলাম তো।

সত্যি বলছো?

আমরা মিথ্যে বলি না গো, যারা বড়দের কথা শোনে আমরা তাদের বন্ধু। তুমি খুব ভালো মেয়ে।

আমি ছাদ থেকে নীচেটা কেমন লাগে দেখতে চাই, তাইতো টুল নিয়ে এলাম।

তোমাদের ঘর অনেক উঁচু, ছাদ থেকে উঁকি দিলে তুমি পড়ে যেতে পারো, তাই তোমাকে সবাই ভয় দেখায়। তোমাকে সবাই ভালবাসে তো। তুমি ভালোবাসো না বাবা-মা ঠাকুমাকে? তোমার কিছু হয়ে গেলে তারা কত কষ্ট পাবে বল? তুমিও তাদেরকে দেখতে পাবে না, তাদের কাছে গল্প শুনতে পারবে না, কোথাও বেড়াতে যেতে পাবেনা, আদর করতে পারবে না। সেটা কি ভালো হবে?

না, আমিও খুব ভালোবাসি, তাইতো যা বলে সব শুনি। তাহলে আমাকে মিথ্যা কেন বলেছেন?

তুমি যখন বড় হবে তখন সব জানতে পারবে। এখন যদি বুঝতে না পারো তাই ছোটদের সবাই অন্যভাবে ভুলিয়ে রাখে।

আমি তো বড় হয়ে গেছি, তুমি বললে আমি শুনলাম তো;

তুমি তো অনেক বড়, তাইতো আমি তোমার কাছে এলাম। চলো এবার আমরা খেলা করব।

চলো চলো, আমার কাছে অনেক খেলনা আছে, তুমি আর আমি খেলব চলো।

ওগুলো তো তুমি রোজ খেলো, আমাদের দেশে গিয়ে খেলবে চলো। তুমি নীচে গিয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসবে আমাদের দেশে, কত ফুল দিয়ে তোমাকে সাজাবো, কত চাঁদ-তারা দিয়ে তোমার জামা তৈরি করব, তোমাকে একেবারে পরীর মত  লাগবে। তারপর খেলা হয়ে গেলে ফিরে আসবে।

ঠিক আছে তবে তাই হোক বন্ধু। আমার জন্য অপেক্ষা করবে কিন্তু, আমি এক্ষুনি আসছি তোমার সাথেই যাবো, খুব মজা হবে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়