বিফল চেষ্টা
বিফল চেষ্টা
মুনমুন মুখার্জ্জী
-- আরে মাসী কাঁদছো কেন?
-- আর বলিস না কান্না পাচ্ছে যে।
-- ওহো, ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার আমেরিকা যাওয়ার টিকিট হয়ে গিয়েছিল অথচ যেতে পারলে না, দাদা বৌদি সব চলে গেল। তাই বুঝি কাঁদছো?
-- নারে ভুল করছিস যেতে পারলাম না বলে কাঁদছি তা নয়, কাঁদছি শুধু ছেলেটাকে মানুষ করতে পারলাম না বলে--
-- কেন মাসী এরকম বলছ? তোমার ছেলে মস্ত বড় মানুষ হয়েছে, আমেরিকায় এত বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। তারপরও বলছো মানুষ করতে পারলাম না! কেন গো? দাদা তো আমাদের গর্ব গো।
-- বড় হয়েছে, বড় চাকরি পেয়েছে সব ঠিক আছে, কিন্তু ভালো পড়াশোনা করে বড় চাকরি পেয়েছে বলেই দেশ ছেড়ে চলে যাবে, একেবারে ওখানকার বাসিন্দা হয়ে যাবে, এটাতো আমি কোনোদিন ভাবি নি রে। ওখান থেকে ট্রেনিং নিয়ে এসে এখানেও তো কিছু একটা করতে পারত-- সবাই যদি দেশের বাইরে চলে যাবে দেশের জন্য কে ভাববে বল দেখি? আমাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি গেলাম না--
-- হ্যাঁ, তোমার তো শরীর খারাপ, যাবে কি করে? টিকিট ক্যানসেল করতে হলো তো--
-- না রে শরীর খারাপ আমি বানিয়েছি, ইচ্ছা করে বানিয়েছি। কেন জানিস? ওখানে চলে গেলে আমি একটা আলাদা জগতের গন্ডির মধ্যে বন্দী হয়ে যেতাম। এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের পরিবেশ, আর তোরা-- তোদের সবাইকে আমি খুব খুব মিস করতাম যে রে! ওখানে তো কাউকে চিনি না, সবাই ছুটছে টাকার নেশায়, কথা বলার লোক নেই, ছেলে বৌমা দুজনেই রোজগার করতে বেরিয়ে যাবে, বাচ্চাটাকে হয়তো আমি দেখাশোনা করবো, নিজের মতন করে মানুষ করব, কিন্তু আমি আমার ছেলেকেই মানুষ করতে পারলাম না, তার বাচ্চাকে কি করে মানুষ করি বলতো? আমি যদি ঠিকভাবে মানুষ করতাম তাহলে কি ছেলেটা কি বাইরে চলে যেত? একেবারে সেখানকার বাসিন্দা হয়ে যেত? হয়তো আসবে মাঝেমধ্যে দেখা করতে আমি যতদিন বেঁচে আছি, কিন্তু আমি যদি ওদের সাথে চলে যেতাম তাহলে তো আর আসত কিনা কে জানে? আর ওদের ছেলে সে কি বুঝতে পারবে ভারতীয় সংস্কৃতি কি, এখানকার মানুষদের ভালোলাগা খারাপ লাগা, কিছু কি ও শিখতে পারবে? আমার ছেলেই তো শেখেনি। তাইতো ওখানকার ঝাঁ-চকচকে দুনিয়ায় ওর চোখ ধাঁধিয়ে গেছে। ওখানে থেকে যেতে চেয়েছে। আমি শুধু কাঁদছি এতদিনের তপস্যা আমার বিফলে গেল বলে। কত কষ্ট করে মানুষ করেছি, কোনো চাহিদা বাকি রাখেনি। কি পেলাম আমি? যে দেশে ও জন্মগ্রহণ করেছে সেই দেশের মানুষজনের জন্য ওর কি কোনো কর্তব্য নেই? সত্যি আমার পরিশ্রম একেবারেই বিফলে গেল রে। ও দেশে আমি যাইনি কেন জানিস? ওখানে গেলে আমি আর ফিরতে পারতাম না। এখানে আমি খুব ভালো আছি রে, ওখানে গেলে ওদের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। আমি চাইলেও আর এখানে ফিরে আসতে পারতাম না।জানিস তো আমার সুগার আছে, যাতে যেতে না হয় আমি অনিয়ম করেছি লুকিয়ে লুকিয়ে। আমার শরীর খারাপ আমি নিজে বানিয়েছি। শরীর খারাপ ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, কিন্তু যদি ওখানে যেতাম আমি আর আমি থাকতাম না রে। হয়ে যেতাম একটা যন্ত্র। আমি যন্ত্র হতে চাই না রে। এই বেশ ভালো আছি, তোদের সাথে আছি, ডাকলে তোরা আসবি না?
-- না, না মাসী নিশ্চয়ই আসব। তোমার যখন দরকার তখন আসবো, শুধু একবার হাঁক দেবে। কেউ-না-কেউ পাড়ার তোমার কাছে নিশ্চয়ই আসবে। দুঃখ করো না আমরা আছি তো।
-- ছেলে, বৌমা, নাতি ওদের জন্য মন ছটফট করবে ঠিকই, তবে পরবাসী হয়ে থাকতে পারবো না রে। শুধু ওই দেশ দেখার স্বপ্নটা হয়তো স্বপ্নই রয়ে গেল। ভয় লাগে যদি একবার যাই আর আসতে না পারি...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন