২) মুহূর্তরাও গল্প শোনায়

 


একগুচ্ছ গল্পিকা

মুনমুন মুখার্জ্জী


১)
ঘন বর্ষা
________
সেদিনও এমনি আকাশের মুখ ছিল ভার, ঘনঘোর বর্ষা, বর্ষাতি ছিল না সাথে, তুমি ছাতা নিয়ে ঠিক পিছনেই এসে দাঁড়িয়েছিলে!

২)
সাধন ভজন
___________
বন্ধু মধুসূদন এত বছর ধরে তুমি মঠে সাধন ভজন করছো, মা-মরা মেয়েটা বা তোমার মা-বাবার খবর নিয়েছো? 

৩)
একলা মন
_________
সন্তান বিদেশে থাকে। স্বামী মারা যাওয়ার পর মীরাদেবী একাই সমাজসেবী সংগঠন গড়েন। তাঁর একলা মন এখন আর একলা নয়।

৪)
উপযুক্ত শিক্ষিত
______________
রাজীব বাবু ছেলেকে বহু কষ্ট করে শিক্ষিত করলেন। ছেলে ভালো উপার্জন শুরু করতেই পিতা মাতার বিশ্ব ভ্রমণের ব্যবস্থা করেন।

৫)
নিদ্রাহীন নির্বাসন
_______________
একমাত্র ছেলে কলেজ না গিয়ে খবরের কাগজ বিলি করে, অভাবী সুব্রতবাবুর রাতগুলো নিদ্রাহীন নির্বাসনে কাটে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে।

৬)
অনলাইন বনাম বেকারত্ব
_____________________
-বন্ধু, তোরা বড্ড অবুঝ, কাকু যুগের সঙ্গে বেমানান, অনলাইন কিছুই পারেন না।
-চেষ্টা করিনি, তোমাদের মতো বেকারের সংখ্যা বাড়বে!

৭)
নীরব সংলাপ
____________
মিলনের আকাঙ্খায় নদীর দুই পাড় কেঁদে যতই বানভাসি হয় ততই দূরত্ব বেড়ে যায়। তাদের নীরবে সংলাপ কেউ বোঝে না।

৮)
দুরন্ত সাধনা
___________
কে জানতো, দুটো রুটির জন্য বিদ্যালয় ফেরত যে ছেলেটি বন্ধুদের বাড়ি যেত কুশল নেওয়ার নামে, একদিন বড়ো অভিনেতা হবে!

৯)
টানাপোড়েন
__________
হাজার টানাপোড়েনের মধ্যেও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে মানবিক মুখ; প্রাচুর্যের মধ্যে যা দেখতে পাওয়া দুষ্কর, থাকলেও সংখ্যায় নগণ্য!

১০)
দুরাশা
______
সন্তান বড়ো করার পিছনে মা-বাবার একটা আশা থাকে, সন্তান বিদেশে পাড়ি দিলে সেটাই হয়ে যায় দুরাশা! 
"ফিরবে তো?"

১১)
নির্জন সৈকত
___________
নির্জন সৈকতে বসে নিহারিকা ভাবে যেখানে বসে লিখতে চেয়েছিল কয়েক পাতা কাব্য, সেখানের বৃদ্ধাশ্রমে শেষ হবে তার জীবনের গল্প।

১২)
সাদা কালো ভালোবাসা
___________________
নিম্নমধ্যবিত্ত পরিবারে মা-বাবার ভালোবাসা অনেকটা পিঁপড়ের ওজন নিয়ে যাওয়ার মতো। কোনো সন্তান বোঝে, কোনো সন্তান আবার বোঝে না।

১৩)
মৎস্য মুখ
_________
বেঁচে থাকতে সমরবাবু কাউকেই কোনো মরা ঘরে খেতে দেননি, তাঁর মৎস্য মুখেও নিকট বন্ধুরা কেউ কিছুই খেতে পারলো না!

১৪)
সন্দেহ বাতিক
____________
হ্যালো:
বলুন!
আপনি কোথায়?
চিন্তা নেই, এখানেই আছি। পালিয়ে যাইনি।
আমি কি তাই বললাম?
হাহা! আপনার কাজটা হয়ে গেছে।

১৫)
ভরসার জায়গায়
_______________
আমি তোমাকে ভালোবাসতাম, ভরসা করতাম, এখনও করি! কিন্তু তুমি এলে না যখন তোমার আমার পাশে থাকার বেশি প্রয়োজন ছিল।

১৬)
সর্বনাশ
________
-ও ভাই শোনো--
-হ্যাঁ দিদি, বলুন--
-তোমার আশেপাশে একটা মেয়ে ঘুরছে, পাত্তা দিওনা। ছেলেদের সর্বনাশ করে!
-মেয়েরাও সর্বনাশ করে?

১৭)
অতৃপ্ত মনোবাঞ্ছা
_____________
সুমন্তের ইচ্ছা ছিল জীবনের প্রতিটি রস উপভোগ করার, কিন্তু রোগ ভোগের ভয়ে আজ প্রতিটি মুহূর্ত মরতে মরতে বেঁচে আছে!

১৮)
হারানোর ভয়
____________
ভাবনা ভাবে, "বিজয়কে হারানোর ভয় না পেয়ে যদি তার বদলে যাওয়ার কারণ খুঁজতাম হয়তো এতদিনে একটা রাস্তা খুঁজে পেতাম।" 

১৯)
অধিকার
_________
চাকরানী হয়ে যখন মালতি তার অধিকার দাবি করে তখনই তপন বাবুর গোপন সম্পর্ক সামনে আসে।
সুজাতা দেবী ডিভোর্স চান।

২০)
সঠিক সময়ে সঠিক পদক্ষেপ
_________________________
ডাকবিভাগের স্বল্পসঞ্চয়ের এজেন্ট সায়ন্তন অসুস্থ। ফোনটা না ধরে স্ত্রীকে বলেন, "দেখো বেঁচে থাকলে রোজগার করবোই, এখন নিয়মে চলতে হবে।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়