স্বপ্তরত্নে বেদতন্ত্রী
মুনমুন মুখার্জ্জী
১)
জ্ঞানওয়ালা
___________
সবাই দেখছি দিচ্ছে জ্ঞান
ওটাই সবচেয়ে সস্তা,
একই কথা প্যানপ্যান করে
হোকনা পচা বস্তা।
ওরাই সবচেয়ে পালটি খায়
পস্তাতে হলে পস্তা,
জ্ঞানীরা নয়তো সস্তা।
২)
একটুখানি অন্যরকম
__________________
আমি কোনো কম্মের নই
সবার কথা শুনবো।
কে কি করছে দেখতেই
চারিদিকে নজর রাখবো;
নারদ গিরির সুযোগ পেলে
একটু সেটাও করবো!
অকারণে অনেককেই জ্বালাবো।
৩)
কাজের কাজ
____________
আমিও পারি, তুমিও পারো
চাইলেই পারা যায়,
অকাজের মাঝে সারাটা জীবন
কাজটাই রয়ে যায়।
কাজের কাজ ভাবতেই থাকি
সময়টা বয়ে যায়--
জীবনীশক্তিই ফুরিয়ে যায়।
৪)
কাজের মানুষ
____________
কাজের মানুষ কাজটা করে
নিন্দা করে নিন্দুকে,
নিজেকে জাহির করতে কেউবা
গুলিটা ভরে বন্দুকে।
পায়ের তলার মাটি সরলে
ছুরিও মারে বন্ধুকে!
ভালোবাসা কাঁদে সিন্দুকে।
৫)
বন্দি জীবন
__________
জীবনটা যেন সোনার খাঁচা
মনটা বন্দি পাখি,
অপছন্দের কাজও মানতে বাধ্য
কর্তব্যে থাকে ফাঁকি।
প্রতিবাদ করার কথা ভাবছো
বিপদ আনবে নাকি?
হিসেবটা থাকেই বাকি।
৬)
চল পালিয়ে যাই
______________
ওরে মন, চল পালাই
দূর অজানার দেশে,
সবার জন্য যতই করিস
লাঞ্ছনা জুটবে শেষে।
করলেই তুই সবচেয়ে ভালো
নইলে ফাঁসবি দোষে!
পড়বি ভয়ানক রোষে।
৭)
ভরা কোটাল
___________
যৌবনের ভরা কোটালে যদি
ডাক পাও কারো,
দেখে শুনে ভেবে নিয়েই
সাড়া দিতেই পারো।
একটা ভুল পদক্ষেপে তুমি
পস্তাতেও হয়তো পারো।
অন্ধকার ঘনাবে গাঢ়।
৮)
ধরণীর কোল
____________
ধরণীর কোলে আয়রে সবাই
দোল খাবিতো আয়,
তিরতির করে বইছে হাওয়া
ভালোবাসার এই আঙিনায়।
চন্দ্র, সূর্য, নদী, সাগর
রয়েছে আপন মহিমায়;
হাসবি যদি আয়।
৯)
বুড়ো দাদু
_________
বুড়ো দাদু, টেকো দাদু
সারাদিন বকবক করে,
ফোকলা দাঁতে মুখ খিঁচিয়ে
নিজেই হেসে মরে।
"কে বলে ঠাকুমা" গানে
নাচটাও দারুণ করে!
শেষে হাঁপিয়ে মরে।
১০)
মুখপুড়ি
_______
শ্বশুর বাড়ির বদনাম করতে
অনেকে ভালোই পারে,
দাও না যতই ভালোবাসা
ছুঁতোয় খুঁত ধরে।
যে কোনো গল্পের ফাঁকে
নিন্দা করেই করে;
মুখটা নিজেরই পোড়ে।
১১)
আসল দোষী
___________
নিন্দা করার নেশাই আলাদা
বোঝে শুধু নিন্দুকে,
কিছুই তেমন কষ্ট নেই
ঢেকে দেয় সত্যকে।
সবাই চুপ থাকে বলেই
সাহসী করে তাকে;
আসল দোষীটা কে?
১২)
মানীর মান
__________
মানীর মান বজায় থাকে
নিন্দা যতই করো,
অতই যদি সাহস থাকে
দুর্জনের দোষ ধরো।
মানীকে অপমান করতে গিয়ে
নিজেকেই হেয় করো।
নিজের শুদ্ধিকরণ করো।
১৩)
গুজব রটানো
____________
আমার নামে গুজব ছড়িয়ে
তোমার সম্মান বাড়লে,
আপত্তি নেই, করতে পারো
কিছুতো কাজ করলে!
হিসেবটা তুমি পরেই করো
আদৌও কি করলে?
সম্মানিত কি হলে?
১৪)
চর্বিত চর্বণ
__________
একই কথা অনেকেই দেখি
সুযোগ পেলেই গায়,
চোখের সামনে সত্য দেখেও
মিথ্যাই সুর চড়ায়।
সবই বুঝলেও অবুঝ তারা
ফাটা ঢাকটাই পেটায়;
কেইবা তাদের বোঝায়!
১৫)
ঋণী
____
সূর্যের পরেই আমরা সবাই
ঋণী গাছের কাছে,
তাদের ভালো রাখার দায়িত্ব
তাইতো সবার আছে।
সুজলা সুফলা ধরার বুকে
মনটা সবার নাচে।
পরিবেশের বৈচিত্র্য বাঁচে।
১৬)
সময়ের দাবি
___________
আমার ভালো চাইছো বলে
তোমায় অনেক ধন্যবাদ,
নিজের ভালো ভালোই বুঝি
তাইতো করি প্রতিবাদ!
এখনো তুমি না শুধরালে
হয়ে যাবে বরবাদ;
করতে এসোনা বিবাদ।
১৭)
মাপকাঠি
_________
ভালো মন্দের মাপকাঠিটা
একান্তই নিজের নিজের,
আমার কাছে ভালো যেটা
খারাপ লাগে অন্যের।
একই কথার অনেক মানে
পার্থক্য ভাবনা চিন্তের;
জটিলতা মানসিক পরিচয়ের।
১৮)
সম্পর্কের বাঁধন
______________
সম্পর্ককে যতটা আঁকড়ে ধরবে--
টান হবে শিথিল;
বুঝে শুনে আলগা ছেড়ো--
তালে থাকে চিল।
নিয়মিত অক্সিজেন আসতে দিও
দিয়োনা দোরে খিল,
ভালোবাসা করবে কিলবিল।
১৯)
সদিচ্ছা
_______
পরকে আপন করতে গেলেই
রোগে চোখ রাঙায়,
প্রেমের পরশে ধন্য জীবন
তারই গান গায়।
দেশের এই কঠিন সময়ে
আন্তরিকতা সবার চায়।
সদিচ্ছাও থাকা চায়।
২০)
যখন যেমন
__________
সাহিত্যিকরা মারা গেলে ঠিক
সাহিত্যে আসে বান--
অভিনেতারা মারা গেলে হয়
দেশ জুড়ে অভিমান;
কৃষক শ্রমিকের জন্য শুধু
বেলুনের মত ভাষণ!
টাকার চাকর মন।
২১)
জীবন নদী
___________
জীবনটা একটা নদীর মতো
ভাঙা গড়ার খেলা;
ভেসে যায় একে একে
বালিয়াড়ি দেখি মেলা।
সম্পর্কগুলো শাখা প্রশাখা
যেন জোড়াতালির মালা;
বিগড়ে গেলেই জ্বালা।
২২)
অন্ধ বিশ্বাস
____________
অতিরিক্ত বিশ্বাস করিসনা যেন
মনরে তুই আমার--
অন্ধের মতো বিশ্বাস করলে
ছলনায় জীবন বেকার;
সুযোগ খুঁজবে দুঃখ দিতে
জলে পড়বে পরিবার।
ঘাতক অতিবিশ্বাসের বাহার।
২৩)
সেরা অভিনেতা
______________
কুমিরের মতো অভিনয় করতে
ক'জনইবা করতে পারে?
বিপদের সময় পাথর যেন
আনন্দে কেঁদে মরে।
নিজের দোষ কাটাতে গিয়ে
অন্যের দোষ ধরে।
সবই কুবুদ্ধির জোরে।
২৪)
মনের অন্ধকার
_____________
জীবনের এই সার্কাসে আমরা
ভাবি নিজের ভালো,
ভাবতে ভাবতে এই জগতটাকে
করে ফেলেছি কালো;
ঈর্ষায় ফাটি অন্যের ঘরে
দেখে উন্নতির আলো,
মনটাই এতটা কালো।
২৫)
ছলনার মহিমা
____________
মুখোশের উপর মুখোশ পরে
ইতিউতি যে চায়,
মনে রেখো জীবনটা তার
কাটে শুধু ছলনায়;
অন্যের সঙ্গে ছলনা করলে
নিজেও বলি হয়,
মরে ছলনার মহিমায়।
২৬)
কথায় প্রকাশিত
________________
অশিক্ষিত লোকেরা মুখ খুললেই
শিক্ষা প্রকাশ পায়,
নিজের মহিমা প্রচার করতে
প্রলাপ বকে যায়।
বুদ্ধিমানরা কম কথা বলে
কাজ করে দেখায়,
জগতে সুনাম ছড়ায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন