আর একটু ভালোবাসা
একগুচ্ছ স্বপ্তরত্নে বেদতন্ত্রী
মুনমুন মুখার্জ্জী
১)
সচল মন
________
মনের রোগকে অবহেলা করো?
মনটাই যে আসল,
মনটা ভালো না থাকলে
সুখের স্বপ্নও নকল।
শরীর মন ভালো থাকলে
স্বপ্ন হবে সফল,
অন্যথায় সবটাই বিফল।
২)
নিজের ধান্দা
___________
কথা আছে তোমার সঙ্গে
খুব জরুরী বিষয়--
আজ আছো, কাল নেই
বোঝা হবে বিষয়!
লুটে পুটে ভুতে খাবে
আমাকে দাও বিষয়;
বিষয়টি চিন্তার বিষয়।
৩)
আয়না দেখো
___________
হয়তো আমি হারিয়ে যাব
তোমরা স্বপ্ন দেখো,
আমাকে পাগল বলবে বলো
তোমরা ভালো থেকো।
লোকের নিয়ে চর্চা করে
মনকে চাঙ্গা রেখো,
আয়নায় নিজেকেও দেখো।
৪)
লাট্টু
____
বনবন এ দুনিয়া ঘোরে
লাট্টুর মত যেন,
তিমিরের কথা ভুলে গিয়ে
নিন্দা করো কেন?
ফিরতে যদি হয় তিমিরে
সেই নির্লজ্জের হেন!
কুৎসা রটাও কেন?
৫)
হেলাফেলা
_________
একটা মাত্র সাধের জীবন
করব না হেলাফেলা,
নিজের বুদ্ধিতে চলছি তাই
নইতো কারো চেলা!
বুঝতে যখন পারব আমি
কেউ করছে খেলা--
পস্তাবে সেও মেলা।
৬)
সেরার সেরা
___________
কুকুরও বাঁচে, গরুও বাঁচে
বাঁচে ছাগল, ভেড়া;
সবার কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য
সবাই সবার সেরা।
মানুষের মধ্যে সবার বৈশিষ্ট্য
সেটাই তো নজরকাড়া!
মানুষই সেরার সেরা।
৭)
অপূর্ব মুহূর্ত
___________
তোমার সাথে দেখা হল
তখন সন্ধ্যা বেলা,
বৃষ্টিতে ভিজে তোমরা সবাই
খেলছিলে ফুটবল খেলা।
হঠাৎ আমাকে সামনে দেখে
লজ্জা পেলে মেলা!
হাসছিল তোমার চেলা।
৮)
বাবা
_____
সন্তানের সুখে বাবারা সুখী
বোঝে কি সন্তানরা?
সন্তান হলে বোঝে তখন
কি করেন বাবারা!
হাড়ভাঙ্গা খাটা খাটনি করে
মুখ বুজে বেচারা,
অবহেলা করি আমরা।
৯)
মা
___
তুমি ভালোবাসো, নাই বাসো--
মা ঠিক ভালোবাসে,
তোমার মুখের হাসি দেখেই
মা তাইতো হাসে।
তোমার কেউ ভুল ধরলে
তাইতো মা কাশে,
মা সবচেয়ে ভালোবাসে।
১০)
চোর
_____
টাকা চুরি, গয়না চুরি
হামেশাই তো হয়,
লেখাও চুরি হচ্ছে শুনে
মনে লাগছে ভয়।
চোরকে তো চোরই বলে
মানুষ কি কয়?
বিশ্বাস হয় নয়ছয়।
১১)
আমার চেতনায় তুমি
__________________
তোমার কথা ভেবে ভেবে
একাকীত্বে ভুগি আমি,
আমার মনের অভিপ্রায় জানে
একমাত্র যে অন্তর্যামী।
আমি করব তোমার ক্ষতি
ভাবলে কিভাবে তুমি?
অবিশ্বাস করলে তুমি?
১২)
নদীর বুকে কান্না
______________
যত অপমান, লাঞ্ছনার কথা
দিলাম নদীতে গড়িয়ে;
কত কথাই হারিয়ে গেল
সবার চোখ এড়িয়ে!
পাথর হয়ে জমেছে হয়তো
দেখো জল সরিয়ে!
রয়েছে কান্না ছড়িয়ে।
১৩)
বুকের পাথর
___________
বুকের মধ্যে পাথর নিয়ে
নিত্য বয়ে চলে,
তার মনের কথা বলো
কাকেইবা নদী বলে--
বাদল দিনে বানভাসি হয়ে
দুকুল ভাসায় জলে!
দুঃখের পাথর গলে।
১৪)
নদীর অবস্থা
___________
সারা বছর অজয় দামোদর
গুমরে গুমরে মরে,
আগাছা থেকে যত জঞ্জাল
বিদ্রুপ করে ঘোরে,
ভাসান হোক অন্তেষ্টি ক্রিয়া
মানুষ তাতেও করে।
বর্ষাতেই রুদ্ররূপ ধরে?
১৫)
ফুলের দেশে
___________
ফুলের মতো খোকা খুকু
সঙ্গে যাবি চল,
ফুলের দেশে দেখতে যাব
পুষ্প বৃষ্টির ঢল!
নানা রঙের ফুলের সাজে
হাসবি খল খল।
কেমন হবে বল?
১৬)
মায়া
_____
বটের মায়ায় বাবার কায়া
স্নেহ ঝরে পড়ে;
সকাল রাত দেয় সাথ
কাছে হোকবা দূরে
পুকুর ঘাটে, পথের বাটে
আশে পাশে ঘোরে;
নিজেকে উজাড় করে।
১৭)
বিন্দাস
_______
আশার নেই কোনো সীমারেখা
আশা করিনা তাই,
শাড়ি-গয়নার নাই আকাঙ্ক্ষা
আনন্দই গয়না ভাই;
আশা নিরাশার এ দুনিয়ায়
কিছুই চাওয়ার নাই।
বিন্দাস আছি ভাই।
১৮)
তৃপ্তির স্বাদ
__________
আশা পূরণ হলেই বাড়ে;
মুক্ত থাকতে চাই,
অতৃপ্ত জীবন অশান্তির কারণ
নেই চাহিদা তাই;
অল্পতেই হই সন্তুষ্ট আমি
আমার চিন্তা নাই।
তৃপ্তির স্বাদ পাই।
১৯)
মাশুল
_______
নিজের কাজ নিজে করো;
সঠিক নিয়ম এটাই--
সময়ের কাজ সময়ে করলে
সবাই সময়ও পায়।
সময়ের কাজ ফেলে রাখলে
চাপটা বেড়ে যায়,
মাশুলে সময় হারায়।
২০)
লেখার প্রচেষ্টায়
______________
আমি বিখ্যাত কেউ নই
পাগলের প্রলাপ লিখি,
পড়তে পড়তে লিখছি আমি
লিখতে লিখতে শিখি;
কল্পনার রঙ মাখাতে গিয়ে
আজগুবি কথা লিখি!
লিখতে গিয়েই শিখি।
২১)
চঞ্চল দামোদরে
______________
ছল ছল ছলাৎ চল
দামোদর ছুটে চলে,
বর্ষার জল খেয়ে খেয়ে
পেট গেছে ফুলে।
দুঃখের নদ তাকে কি
এমনি এমনি বলে?
দুধারের জমিও গেলে।
২২)
ফোনে বিদ্যালয়
_____________
বিদ্যালয়ে যে ভর্তি হয়েছি
হল অনেক দিন--
জানিনা তো দেখতে কেমন,
ফোনে পড়া প্রতিদিন।
পড়তে পড়তে ঘুম আসে
বকে মা রাতদিন!
বিদ্যালয় খুলে দিন।
২৩)
ডিজিটেল পড়া
_____________
দিদিমণির পড়া মা করেন
আমি বসেই থাকি;
মা বুঝলে আমাকে পড়ান
আমি মাকেই দেখি!
পড়ানো হলে দিদিমণি বলেন
আজ তবে রাখি?
ডিজিটেলে পড়া শিখি।
২৪)
চাঁদের সুখ
_________
চাঁদের গায়ে শোভা দেখে
চাঁদকে ভাবো সুখী?
চাঁদ কিন্তু আমাদের চেয়ে
অনেক বেশি দুঃখী!
কান্না লুকিয়ে জ্যোৎস্না ছড়িয়ে
হাসে ওই চাঁদমুখী!
আমাদের করে সুখী।
২৫)
সুখের রথ
_________
একাকিত্বের বোঝা কমাতে গিয়ে
যেতেই পারো বিপথে--
সুখের চেয়ে অসুখ বাড়বে
যেওনা তাই ওপথে!
সুখের কথা ভীষণ আপেক্ষিক
থাকো সেবার পথে;
ভাসবে সুখের রথে।
২৬)
শুভ চিন্তা
_________
অর্থ তোমাকে অপদার্থ করবে
চেতন করবে সচেতন,
সময়ের চাকায় মিলিয়ে দেখো
নয়তো মিথ্যা কথন।
জীবন তোমাকে সুযোগ দিয়েছে
উন্নত হোক মনন;
শুভ হোক চিন্তন।
_________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন