জাদু

জাদু
মুনমুন মুখার্জ্জী

অনেক দিন আগের কথা, তানেয়ার পরীক্ষার আগের দিন আসানসোল থেকে কোলকাতা গিয়েছি। পরীক্ষার সময় ও বরাবরই রাত জেগে পড়ত, সকাল বেলা যাওয়ার আগে একটু ঘুমিয়ে নিত। সেবার আমার শরীরটা একটু খারাপ ছিল, তানেয়া যেতে মানা করলেও গিয়েছিলাম। আসলে মায়ের মন তো, মনে হত যদি সকালে ঘুম না ভাঙে!
সেদিন যাওয়ার পর স্নান-টা করে অল্প জলখাবার খেয়ে শুয়েছিলাম। দুপুরে যা হয় কিছু খাওয়া যাবে, আগে একটু বিশ্রামের প্রয়োজন।
যখন ঘুম ভাঙলো, দেখি জানলার বাইরে আকাশ অন্ধকার, তাড়াতাড়ি উঠতে গেলাম, বৃষ্টি আসবে হয়তো,  জামা কাপড় ভিজে যাবে। তানেয়া জোরে বকে দিল। " কি হল কি? অত তাড়াহুড়ো করার কি আছে? আস্তে আস্তে ওঠো।" বৃষ্টির কথা বলায় খুব হাসল। তারপর দেখলাম রাত আটটা বাজছে। 
এবার আমার রাগ হবার পালা, নিজে জেগে আছে অথচ ডাকেনি। আমি কাছে থেকেও যদি দুপুরের খাবার না দিতে পারি নিজের উপর রাগ হবার কথা। 
তানেয়া ব্যপারটাকে হালকা করে বলল, " ছাড়ো তো, আমি ম্যাগি করে খেয়ে নিয়েছি, সারা জীবন নিয়ম মেনে চলে নিজে কি পেলে? একটু না হয় আরাম করে ঘুমালে। ওঠো, বিরিয়ানি অর্ডার দিয়েছি, এক্ষুণি চলে আসবে।"
আহা, এ যেন জাদু। আমি আবার শুয়ে পড়লাম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়