আমার প্রিয় বন্ধুর কথা


আমার প্রিয় বন্ধুর কথা
মুনমুন মুখার্জ্জী

প্রিয় বন্ধু, সে আছে একজন। স্কুলে প্রতিদিন আমাকে গান শোনাত, আমাদের ঘরে টিভি ছিল না, যা সিনেমা দেখত আমাকে তার গল্প শোনাত
আরও কত কি বলে শেষ হবে না। আমি কিন্তু তার থেকে দূরে দূরে থাকতাম। মনে হত তার এই ভালোবাসা যদি পাগলামিতে দাঁড়ায় তবে মুশকিল হবে। তোমরা হাসছ? ভাবছ আমি এ কি কথা বলছি। বন্ধু বন্ধুকে জীবন দিয়ে ভালোবাসে, তাতে দোষ কোথায়? আছে আছে। আগে শোনো তো পুরোটা। মনে করো দিদিমণিরা পড়া বোঝাচ্ছেন, ও তখন আপন মনে ছাইপাশ ছবি আঁকত, কতবার বলেছি, "কি বলছেন শোন"। তা কে কার কথা শোনে। বলত, "তুই শুনে আমাকে বোঝাবি। উনাদের বকবকানি আমার মাথায় ঢোকে না।" বোঝো কথা। আমি ওকে জব্দ করার জন্য অনেক দিন বুঝিয়ে দিইনি, কিচ্ছু বলত না। কেমন তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকত। অগত্যা বুঝিয়ে দিতেই হত। যতই হোক প্রিয় বন্ধু, না না বান্ধবী।
 আমার জন্য দুনিয়ার সবার সাথে ঝগড়া করত, আমাকে কেউ কিছু বললেই হল, তার আর রক্ষে নেই। একদিন আমার হাতে একজনের খাতা ছিঁড়ে যায়, সে নালিশ করে দিদিমণির কাছে। ও আমার হয়ে মার খেয়ে নেয়, বলে আমার হাত থেকে ও টানাটানি করতে গিয়ে ছিঁড়ে গেছে। এখনো দু-এক সপ্তাহ যেতে না যেতেই আমার খবর নেয়, কখনো কখনো না বলে ঘরে চলে আসে। কিন্তু আমার তখনকার অভ্যাস এখন বদঅভ্যাসে পরিণত হয়েছে। আমি আজও নিজে থেকে ওর খবর নিই না, মনে হয় এইতো কথা বললাম, অত কথা বলার কি আছে। খুব খারাপ তাই না? জানি তো, কিন্তু ওই যে কথায় আছে যা পাঁচে তাই পঞ্চাশে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়