সোনা ভাইপো
তুমি গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলে আমার খুব ভালো লেগেছিল। কত আনন্দ করলাম সবাই মিলে। ভাই মানে তোমার বাবার চিঠিতে জানতে পারলাম যাওয়ার পথে তোমাদের কোনো অসুবিধা হয়নি এবং তোমরা ভালো আছো।
সেদিন বাজারে ফুচকা খেতে গিয়ে বইয়ের দোকান থেকে একটা বই কিনে দিয়েছিলাম ওটা সময় হলে বাবা কিম্বা মায়ের কাছে পড়বে। বাংলায় লেখা বলে বইটা যে তোমার পছন্দ হয়নি তা তোমার পাকা পাকা কথায় বুঝতে পেরেছিলাম। যদিও আমার মনে হয় না কথাগুলো তোমার, হয়তো কেউ তোমাকে বলেছে সেটাই তুমি আমাকে বলে দিয়েছ।
অনেকেই বলেন বর্তমান যুগে বাংলা শেখার প্রয়োজন নেই, তাঁরা কেন বলেন তা অবশ্যই আমার মাথায় ঢোকে না। হিন্দি ভাষাকে অনেকেই রাষ্ট্রভাষা বলেন, যদিও সংবিধান রচয়িতারা হিন্দি বাংলা ভাষা সহ মোট ২২টি ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছিলেন। আর ইংরেজি শিখতেই হবে দেশে বিদেশে কাজের সুবিধার জন্য, তবে বাংলাটাও জানা উচিৎ। বড় হয়ে তুমি সব জানতে পারবে। তাই সে সব তোমাকে বলছি না।
আচ্ছা বেটা একটু ভেবে দেখো তোমার মা বাবা যদি রেগে যান তখন তোমাকে বাংলায় বকে কিনা বা যদি খুব খুশি হন তখন তোমাকে আদর কোন ভাষায় করেন? বাংলাতেই তো। এটাই হল আসল কথা। বাংলাতেই আমাদের মনের ভাব প্রকাশ পায়। ঝগড়া করতে হলেও আমরা বাংলাতেই করি।
তোমাকে যে বইটা দিয়েছি তাতে বিশ্বের সেরা বাঙালিদের কথা আছে। তাঁদের জীবন যাপন জানলে বাংলা ভাষা সম্পর্কে তোমার ধারণা পাল্টে যাবে। রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজী, বিবেকানন্দ ছাড়াও অনেক ঋষি, লেখক, বিপ্লবীদের জীবনী পড়ে তুমি অনেক কিছু শিখতে পারবে। জানতে পারবে বাংলাদেশে শুধুমাত্র বাংলা ভাষার অধিকার পেতে কতজন শহীদ হয়ে গেছেন। জানো তুমি তাদের লড়াইকে সম্মান জানিয়ে ২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তাদের জন্য আমরা বাঙালি হিসেবে গর্বিত।
অনেক কিছু লিখলাম, ভালো থেকো। মানুষের মত মানুষ হয়ো। বাঙালির মুখ উজ্জ্বল করো। অনেক আদর।
ইতি তোমার পিসি #মুনমুন_মুখার্জ্জী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন