অবাক কান্ড
অবাক কান্ড
মুনমুন মুখার্জ্জী
চিনতে না পেরে মেয়েটিকে, অবাক হয়ে ভাবছ তাই,
হয়তো বা একই আছে, হয়তো বদল অনেকটাই।
আগে কেমন চুপটি করে সবার কথা শুনতে সে,
এখন কিছু বলতে গেলে সব কথাতেই কাটে যে।
আগে তো তোমরাই ছিলে তার একমাত্র আপনজন,
তোমাদের ষড়যন্ত্রে দূরে গেল সে কয়েক যোজন।
তোমাদের কথাই ভাবতে ভাবতে সব কথাতেই হাসত সে,
তোমরাই কিন্তু আঘাত দিয়ে অনাথ করলে সব শেষে।
মান সম্মান তারও আছে, কৃতদাস তো নয় কারো,
সরতে সরতে সরেই গেছে সম্মানটা নিয়ে তারও!
মনটা তার বিষিয়ে গেছে, তোমাদের কথা আর ভাবে না--
ভাবো যদি বদলে গেছে, তাতেও কিছু যায় আসে না।
তোমাদের কথায় আগের মতো যদি সে উঠত বসত--
হয়তো তখন তোমরা বলতে আছে ঠিক আগের মতো।
কিংবা যদি তোমাদের অন্যায় আঙ্গুল তুলে না দেখাতো--
হয়তো তখন তোমরা বলতে আছে ঠিক আগের মতো।
মেয়েটি ছিল বড্ড বোকা, যা কিছু করত মন থেকে
অপমানিত হয়ে সরে গেছে, তাই এ মেকি দুনিয়া থেকে।
যদি কোনোদিন দু-চার ঘন্টা পাও সময় হাতে একলাটি,
ভাবতে বসো কে পালটালো, তোমরা নাকি ওই মেয়েটি?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন