প্রশ্ন
প্রশ্ন
মুনমুন মুখার্জ্জী
মা গো মা তুমি এমন কেন
সহ্য করতে পার না যেন
লোকের ছেলেরা ভালো হল
আমি কি তবে শুধুই কালো?
মা গো তুমি কেমনতরো?
সারাদিন বল পড়ো পড়ো
পড়তে বসিয়ে ঘুমিয়ে পরো।
নইলে ফোনে আড্ডা মারো।
মা গো তোমার বড্ড রাগ,
খেলতে দেখলে বলো ভাগ,
পড়াটা না হয় একটু থাক,
দাও না মাগো খেলতে ফাঁক।
বিকালে দেখি খেলে সবাই
টিউশনি তুমি পাঠাও আমায়,
খেলার সময় আমার কোথায়?
মন লাগে কি বলো পড়ায়?
রাত্রে তোমার গলা জড়িয়ে,
যদি বলি দাও ঘুম পারিয়ে,
বিরক্ত হয়ে দাও ছাড়িয়ে,
মোবাইলে চোখ নাও সরিয়ে।
তুমিও তো মা ছোট্ট ছিলে,
বলো তখন কি করেছিলে,
ভুতের গল্প তুমি শুনেছিলে?
রূপকথার দেশ কি গিয়েছিলে?
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী চাঁদের বুড়ি,
এদের সাথে কি তোমার আড়ি?
আসে না কেন ওরা আমার বাড়ি?
দোহাই মাগো বলো তাড়াতাড়ি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন