মজার দেশ
মজার দেশ
মুনমুন মুখার্জ্জী
এক যে আছে মজার দেশ
সব রকমের ভালো,
দিনে সেথায় জেগে ঘুমায়
রাতে নাচে আলো।
দোষ ধরতে যায় না কেউ
যাবে কাটা মাথা,
তোয়াজ করে যেতে পারলে
পাবে কিছু সেথা।
মানুষের মত দেখতে কিছু
আছে সেথায় জীব,
মান হুঁস কিছু নেই যদিও
তারা যে নির্জীব।
কুকুর, গোরু, ভেড়া, ছাগল
যে যা খুশি বানায়,
আপত্তি করার নেই ক্ষমতা
দু-মুঠো খুঁটে খায়।
মাথার উপর ঘুরছে ছড়ি
পড়ছে যখন তখন,
তাইতো সবাই ঘুমিয়ে আছে
মরেই বাঁচে এখন।
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে
জেগে উঠলেই বোবা,
প্রতিবাদ করে টানবে ঘানি?
বাপরে তোবা তোবা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন