বন্দীদশা

বন্দীদশা


মুনমুন মুখার্জ্জী

গ্রাম থেকে শ্রী মদন বাবু এলেন কলকাতায়--
সঠিক সময় শীতকালে ঘোরা চিড়িয়াখানায়;
নানারকমের বিড়াল দেখে তিনি হতবাক!
পলিথিনের মতো ঝোলা বাদুরগুলো চালাক।
সামনে দেখলেন ভীষণ ভিড়, সিংহী বেরোয়নি;
তিনি দাঁড়াতেই একটু পরে দেখা দিলেন তিনি।
ভালুক ভায়ার দেখা না পেয়ে সবাই চলে যায়--
তিনি থাকেন ফাঁকা হলেই পাবেন সে ভরসায়!
ময়ূরের নাচ দেখে তিনি হয়ে যান ছোট্টটি,
মনে মনে ভাবেন তিনি ক্যামেরা চাই একটি।
পাখিদের কাছে গিয়ে গল্প করেন কত--
সন্দেহ হয় সবার মনে, পাগলের কাজ যত।
সাপের ঘরে গিয়ে তাঁর তাক লাগে একদম,
দেখতে সবাই ব্যস্ত যেন কাঁচের জারে যম!
ঘুরে ঘুরে দেখে শুনে ব্যথা পেলেন এবার--
বন্দীদশা যার কাটে না সারা জীবনটাই বেকার।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প